সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে: প্রতিরক্ষা উপদেষ্টা
সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
উপদেষ্টা বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাহিনীর কর্মপদ্ধতি, পরিকল্পনা ও চাহিদা সম্পর্কে ডিসিদের অবহিত করা হয়েছে। সরকারের দায়বদ্ধতার জায়গা থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে ডিসিদের করণীয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দর্শন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোকে মাঠ প্রশাসনে ডিসিদের ভূমিকা কী হওয়া উচিত, তা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা কী হতে পারে, তা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
শামছুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল প্রশাসনের মধ্যে যে সমন্বয় ছিল, সেটি আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
আধুনিকায়ন ও শক্তিশালীকরণ
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর বিষয়ে সরকারের যে পরিকল্পনা রয়েছে, সে সম্পর্কেও ডিসিদের অবহিত করা হয়েছে।
সবশেষে তিনি বলেন, ডিসিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অধিবেশন ফলপ্রসূ হয়েছে এবং তাদের সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।





