বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে শক্তিশালী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে একটি কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির । প্রতিষ্ঠানটিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে এটি নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জন করে একটি স্বনির্ভর জ্ঞানকেন্দ্রে পরিণত হয়।
১২ মে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিএফটিআই-এর ৬২তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশেষ করে World Trade Organization (ডব্লিউটিও)-এর বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় সহায়তার জন্য বিএফটিআই-এর অধীনে একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে। এই প্যানেলে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ এবং গবেষকদের অন্তর্ভুক্ত করা হবে। আমরা বিএফটিআইকে একটি স্থায়ী ও কার্যকর রিসোর্স বেস হিসেবে গড়ে তুলতে চাই। আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ সহায়তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
সভায় বিএফটিআইকে একটি দক্ষ ও গতিশীল প্রতিষ্ঠানে রূপ দিতে একজন যোগ্য চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগের সুপারিশ গৃহীত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্চুরী কমিশন এর অনুমোদন নিয়ে বিএফটিআই-এর অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, বাণিজ্য নীতি গবেষণায় দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
বোর্ড সভায় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ফরেন সার্ভিস একাডেমি এর রেক্টর মো. নজরুল ইসলাম, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এর চেয়ারম্যান মো. আব্দুল গফুর, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিএর সভাপতি তাসকিন আহমেদ, মেট্টোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি কামরান টি রহমান এবং বিএফটিআই-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ড. সাইফ উদ্দিন আহমেদ সভায় বক্তব্য রাখেন।





