২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে সরকারি চাকরিতে নিয়োগ
২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে নিয়োগ দিয়ে বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে-এর মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অসম্মতি হিসেবে গণ্য হবে এবং নিয়োগপত্র বাতিল হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। তবে এই সময়ের জন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
উল্লেখ্য, ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
পরবর্তীতে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থীরা রিট করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। পরে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।
গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। এরপর ১৮ ডিসেম্বর আরও ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।





