তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। বিগত নির্বাচনে জনগণের প্রতি বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার।
তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখুন। যে কোনো সুখে-দুঃখে জনগণের পাশে থাকবেন তিনি। তারেক রহমানের ছায়াতলে দেশের জনগণ নিরাপদ থাকবে।
আরও পড়ুন: চিনিকল চালু ও পণ্য বহুমুখীকরণের তাগিদ বিএসএফআইসি সেমিনারে
প্রতিমন্ত্রী শুক্রবার (১৫ মে) ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সন্ধ্যায় গাংগাইল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।
আরও পড়ুন: হাম ও ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে বাড়তে থাকায় চাপে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নান্দাইলের সব উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নান্দাইলে কোনো মাদক, চাঁদাবাজ, জুয়াড়ি, জুলুমবাজ, অত্যাচারী ও ভূমিদস্যুদের স্থান হবে না। নান্দাইলকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা ও শান্তির নীড়ে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
প্রতিমন্ত্রী উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়ক উদ্বোধন করেন।
এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলামসহ নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





