স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিসি কমিকসের জনপ্রিয় ভিলেন ক্লেফেইসকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’ আগামী ২৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

জেমস ওয়াটকিন্স পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসনসহ অনেকে। ব্যাটম্যানের কমিকসের পরিচিত চরিত্র ক্লেফেইসের শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। এমনকি মুহূর্তেই সে ধারণ করতে পারে অন্য কারও রূপ। এই অদ্ভুত ক্ষমতাকে ঘিরেই সিনেমাটিতে উঠে এসেছে ভয়, রহস্য, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের গল্প।

আরও পড়ুন: শিউলি ফুলের খোঁজে পরীমনি

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা হিসেবে যাত্রা শুরু করে একসময় জনপ্রিয় তারকায় পরিণত হন তিনি। কিন্তু স্থানীয় একটি অপরাধী চক্রের প্রধানের কর্মকাণ্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে তার অভিনয়জীবন, ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ।

একপর্যায়ে কাছের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে গেলে আগের চেহারা ফিরে পেতে অত্যাধুনিক চিকিৎসার আশ্রয় নেন ম্যাট। চিকিৎসায় তার বাহ্যিক চেহারা ফিরলেও দেখা দেয় ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সংযোগ হারাতে থাকেন তিনি। একসময় তার প্রতিশোধস্পৃহা ভয়ংকর রূপ নেয়।

আরও পড়ুন: ‘আমরা নামাজ পড়ি না, ধর্মের সঙ্গেও তেমন সম্পর্ক নেই’: শাবানা আজমি

‘ক্লেফেইস’কে গতানুগতিক সুপারহিরো অ্যাকশন সিনেমার বাইরে হরর ও বডি হরর ঘরানার চলচ্চিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে। শরীরের অস্বাভাবিক রূপান্তর, বিকৃত চেহারা, মানসিক বিপর্যয় এবং বৈজ্ঞানিক পরীক্ষার ভয়াবহ পরিণতি সিনেমাটির আতঙ্কের অন্যতম উপাদান।

পরিচালক জেমস ওয়াটকিন্সের সঙ্গে চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের সম্পৃক্ততা সিনেমাটিকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর এটি নিয়ে সমালোচক ও দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।