বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাইজুল সরদার (২২) মাদারীপুর সদর উপজেলার ‘চর কুলপদি’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়াও তিনি মাদারীপুর সদর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন। 

আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন

আহত মহসিন চৌকিদার ও জহির চৌদিকার কালকিনির কালিনগরের মোতালেব চৌদিকারের ছেলে। অপর আহত আল আমিন সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদি এলাকার বারেক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন, জহিরসহ কালকিনির আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন সরদার। এসময় ইজিবাইকে বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে হামলাকারীদের ধাওয়া দিয়ে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুন: ইনকোর্স পরীক্ষার খাতা মূল্যায়ন -অনিয়ম হলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

এই ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে কালকিনি উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশেই ১০-২০ জন মিলে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।’ 

এ ব্যাপারে জানতে হাফিজুর রহমান মিলন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন,‘নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’