তারেক রহমানের উপস্থিতিতে মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা সাড়ে ১১টার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে শ্রদ্ধা জানান।
এর আগে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
আরও পড়ুন: বহুমুখী চ্যালেঞ্জে সরকার
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিজানুর রহমান সিনহা শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে তদন্তে কমিটি
এর আগে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ সময় ভোর ২টা ৪৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।





