বুধবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৯:২৬ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামীকাল বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরের অংশ হিসেবে গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

এছাড়া বিকেলে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

এদিকে সফিপুর ও গাছাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।