জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বাতিলের সিদ্ধান্ত হয়নি। তবে সময়ের চাহিদা ও শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনায় নতুন কিছু বিষয় অনার্স পর্যায়ে যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।

তিনি বলেন, বিদ্যমান কোনো বিষয় বন্ধ করার বিষয়ে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহও এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেই।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হতে পারে। একই সঙ্গে এসব বিষয়কে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

তবে শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের পর বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।