১১ বছর পর নতুন পে-স্কেল

১ জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল চালুর ঘোষণা আসতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ বিষয়ে ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল একবারে বাস্তবায়ন করা হবে না। সরকারি ব্যয় ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে তিনটি অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে সংশোধিত বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। পরবর্তী দুই অর্থবছরে বাকি অংশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামোর প্রস্তুতি হিসেবে জনসেবা খাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। আগামী অর্থবছরের জন্য এ খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

চলতি অর্থবছরের মূল বাজেটে জনসেবা খাতে বরাদ্দ ছিল ৭২ হাজার ২৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়। সেই হিসাবে নতুন অর্থবছরে এ খাতে ব্যয় বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

তবে অতিরিক্ত বরাদ্দের পুরো অর্থ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে ব্যয় হবে না। এর একটি অংশ নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন-ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বরাদ্দ রাখা হবে।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়তা করবে এবং কর্মক্ষেত্রে উৎসাহ ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।