কক্সবাজার সফরের শুরুতেই পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার সফরের প্রথম কর্মসূচি হিসেবে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে পৌঁছেই তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
দীর্ঘ বিরতির পর কক্সবাজার সফরে আসা প্রধানমন্ত্রীকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে পিএমখালী পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টিকে উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং সেচব্যবস্থার উন্নয়নে খাল পুনরুদ্ধার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও স্থানীয় পরিবেশ সংরক্ষণেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
ঐতিহাসিকভাবে পাতলী খালটি কক্সবাজার অঞ্চলের কৃষি ও জনজীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি নাব্যতা হারিয়ে ফেলায় কৃষিকাজ ও পানি নিষ্কাশনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। পুনঃখননের মাধ্যমে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বৃহৎ পরিসরে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। পানিসম্পদ, স্থানীয় সরকার এবং কৃষি খাতের সমন্বয়ে আগামী কয়েক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কিলোমিটার খাল পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় শুধু খাল খনন নয়, খালের পাড় সংরক্ষণ, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এবং অবৈধ দখলমুক্ত করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পাতলী খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক অনুষ্ঠানে অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।





