কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর পুনরায় ২০০-তে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিসিএস নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে বর্তমানে চালু থাকা ১০০ নম্বরের ভাইভা পদ্ধতিই বহাল থাকবে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বাজেট আলোচনায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

মো. আব্দুল বারী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকে এই নতুন পদ্ধতি কার্যকর হয়েছে। একইভাবে বিশেষ বিসিএস হিসেবে পরিচালিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের ভাইভা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালার আওতায় এ পরিবর্তন আনা হয়। ভবিষ্যতে ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায়ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হবে।

আরও পড়ুন: কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে প্রার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া হবে আরও কার্যকর ও বৈষম্যহীন।