আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়েছে এবং শিগগিরই রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই নিয়ে চরম অশ্লীলতা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের দাফন হয়েছে দিল্লিতে। তাই দলটি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তিনি আরও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অচিরেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত পার করে সংগঠনকে সক্রিয় রাখা হয়েছিল। তার ভাষায়, অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত সেই আন্দোলন সফলভাবে শেষ করতে নেপথ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কাজ এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। যারা এই চেতনাকে ব্যবসার উপকরণে পরিণত করবে, তাদের বিষয়ে দেশের জনগণই যথাযথ মূল্যায়ন করবে।
‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।





