সৌদি যুবরাজের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার শ্রমবাজার –কথিত মানবাধিকার কর্মী অ্যান্ডি হলের নানামুখী অপতৎপরতা

আমন্ত্রণের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময়সূচি দুই সরকারের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: খাদ্যে ভেজাল বিরোধী প্রতিষ্ঠানগুলো গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ সদস্যের কমিটি

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং দেশটি বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আনবে। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতায় রূপ নেবে বলে সরকার আশাবাদী।