মাদকের বিরুদ্ধে কলম ধরায় সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিপন মিয়াকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, ভয়ভীতি প্রদর্শন এবং হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি রিপন মিয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: আশুলিয়ায় আন্ডারপাসে মিলল ৫টি ককটেল সদৃশ বস্তু
সংবাদ সম্মেলনে রিপন মিয়া দাবি করেন, রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকার সুমর ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুমরের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে দাবি করেন তিনি।
রিপনের ভাষ্য, প্রায় তিন মাস আগে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুমরকে রূপগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাগারে সাজা ভোগের সময় তিন মাসের মাথায় তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন
সাংবাদিক রিপনের অভিযোগ, স্থানীয় মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের অংশ হিসেবে তিনি সুমরের মাদকসংশ্লিষ্টতা নিয়েও প্রতিবেদন করেছিলেন। সম্প্রতি রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও দাবি করেন, কারাগারে সুমরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের প্রভাবিত করে সাংবাদিক রিপনের বিরুদ্ধে নির্যাতনের কাল্পনিক অভিযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি তাঁকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে শিখিয়ে দেওয়া বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
রিপন মিয়ার অভিযোগ, তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার পাশাপাশি পৈতৃক সম্পত্তি বিক্রির অর্থে নির্মিত বাড়িঘর নিয়েও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এ ছাড়া তাঁর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলন থেকে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সাংবাদিক সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচারে জড়িতদের শনাক্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান রিপন মিয়া।
তিনি বলেন, মাদক কারবার ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে কাউকে ভয়ভীতি বা মিথ্যা মামলার হয়রানির শিকার হতে দেওয়া উচিত নয়।





