চট্টগ্রাম-২ আসন

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১:২৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই বলেও রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন।

অন্যদিকে, জামায়াতের প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে তার নির্বাচনি ফলাফল প্রকাশ আপিল বিভাগের নির্দেশে স্থগিত ছিল।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচনের আগে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ ৩ ফেব্রুয়ারি আবেদনটি গ্রহণ করে নির্দেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচিত হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

পরবর্তীতে ৩১ মার্চ নিয়মিত আপিল করা হলে শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনার পর রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন।