মাদক সেবনের সময় জনতার হাতে আটক তিন, ১৫ দিনের কারাদণ্ড
কিশোরগঞ্জের নিকলীতে মাদক সেবনের সময় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের মাইঝহাটি গ্রামের মৃত জয়নালের ছেলে রবিন মিয়া (২৪), একই গ্রামের বকুল মিয়ার ছেলে অনীক ইসলাম (২২) এবং খালিশাহাটি গ্রামের ফরজ আলীর ছেলে সাব্বির (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে মাদক সেবনের সময় স্থানীয় জনতা ওই তিন যুবককে আটক করে। পরে বিষয়টি নিকলী থানায় জানানো হলে পুলিশের এসআই আমির হামজা ও এসআই তুষার ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
আরও পড়ুন: জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার আদালত প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, “মাদকের সংবাদ যেখানেই পান, যত রাতই হোক কিংবা যত দুর্গম এলাকাই হোক, আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করব। মাদকের বিরুদ্ধে বিক্রেতা ও সেবনকারী যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”
আরও পড়ুন: শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কার পেল রাজশাহী সিটি করপোরেশন





