প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের বৈঠক, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বৈঠকে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণ, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং খাতটির টেকসই উন্নয়নে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। রিহ্যাব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম।
আরও পড়ুন: ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেক সভায় অনুমোদন
বৈঠকে রিহ্যাবের পক্ষ থেকে জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি আবাসন খাত-সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সম্পূর্ণ ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফ্লোর এরিয়া রেশিও (FAR) যৌক্তিকভাবে বৃদ্ধি এবং উল্লম্ব (ভার্টিক্যাল) নগরায়ণের ওপর জোর দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আবাসন খাত পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্তভাবে বিকশিত হতে পারে।
আরও পড়ুন: ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ প্রণোদনা
তিনি আরও বলেন, আবাসন খাতে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
নগরায়ণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন শুধু ঢাকা-কেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি-২ আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুমসহ আবাসন খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা।





