প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
আরও পড়ুন: বহুমুখী চ্যালেঞ্জে সরকার
এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করেন তারা।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে তদন্তে কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
এ সময় সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
সাম্প্রতিক সময়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।





