জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নবম পে স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত, সর্বোচ্চ ১০০% বেতন বাড়ানোর প্রস্তাব
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেবিএবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান ২৬৭ ভোট পেয়ে জেবিএবির সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।
আরও পড়ুন: বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়: বাণিজ্যমন্ত্রী
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী একেএম মাকসুদুর রহমান চৌধুরী ৫২ ভোট পেয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে তফশিলি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।
জেবিএবির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে পেশাগত মর্যাদা, সদস্যদের কল্যাণ এবং ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬-এর মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে জেবিএবি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশগ্রহণকারী ব্যাংকাররা।





