নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি এ শোক প্রকাশ করেন। এর আগে ভয়াবহ এ দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছিল বাংলাদেশ সরকার। পাশাপাশি নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: আসিফ আকবরের মন্তব্যের কঠোর সমালোচনা রাশেদ খাঁনের

বুধবার (২৬ আগস্ট) নেপালে আকস্মিক বন্যার পর নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। ভোতেকোশি নদীতে হঠাৎ বন্যার কারণে দেশটির তিনটি জেলা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর পানি তুষারধসে তৈরি ধ্বংসস্তূপে আটকে যায়। পরে পানি ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। ওই এলাকায় বৃষ্টিপাত না থাকায় স্থানীয় বাসিন্দারা আগে থেকে কোনো সতর্কবার্তাও পাননি।

আরও পড়ুন: জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ভয়াবহ বন্যায় অন্তত নয়টি জলবিদ্যুৎ প্রকল্প ও বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রাথমিক হিসাবে ১৯টি যান চলাচলযোগ্য সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক পানির স্রোতে ভেসে গেছে। তবে দুর্যোগে মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো জানা যায়নি।