আ. লীগ আমলে গুম খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি
প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা, জুলাই গণঅভ্যুত্থানে জেলায় জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধেরও বিচার হবে। অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের বিচারের পরিধি বাড়ছে।
এর অংশ হিসেবে অপরাধের তথ্য সংগ্রহ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ ও তদন্ত সংস্থা। তারা গায়েবি মামলার তথ্যও সংগ্রহ করবে।
আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব
পুলিশ ও প্রশাসনের কারা অপরাধে জড়িত ছিলেন; রাজনৈতিক দলের কে কে সম্পৃক্ত ছিলেন—শনাক্ত করতে জেলায় জেলায় গণশুনানি হবে। কোনো অপরাধীকে পাওয়া গেলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে এরই মধ্যে বিভিন্ন দপ্তর, সংগঠন ও ব্যক্তির কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন
এই খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির অভিযোগ, কম মজুরি, ভর্তুকি প্রদান এবং চীনা কাঁচামালের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার মাধ্যমে উৎপাদন খাতকে অন্যায্যভাবে শক্তিশালী করছে বাংলাদেশ।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় কয়েক মাস ধরে চলা তদন্তের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৬টি অর্থনীতিকে 'কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা' হিসেবে বর্ণনা করে এই পদক্ষেপ নিয়েছে।
ইউএসটিআর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বাংলাদেশের নীতিমালা 'অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করছে কিংবা বাণিজ্যকে সীমিত করছে'; বিশেষ করে গুরুত্বপূর্ণ তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকেরা আগে থেকেই যে প্রায় ২৫ শতাংশ বিদ্যমান শুল্কের মুখোমুখি হচ্ছেন, নতুন এই শুল্ক তার ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
খবরটিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা আর তাকে প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয় বলে মনে করে ভারত।
গতকাল বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, 'ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে ভিন্ন।'
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের প্রেক্ষাপটে হাসিনার ফেরার বিষয়ে ভারত কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করছে কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এর বাইরে এ বিষয়ে আমার নতুন কিছু বলার নেই।
এই খবরে বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারের। এ সময়ে সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে। কাজের মান অনুযায়ী বিল পরিশোধ করতে হবে।
'মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬'- এর খসড়ায় এসব প্রস্তাব রয়েছে।
এছাড়া, খসড়ায় একই সড়কে বারবার সংস্কার এবং শুধু ক্ষতিগ্রস্ত অংশের বদলে পুরো সড়ক সংস্কারের নামে সরকারি অর্থের অপচয় ঠেকাতে সড়কের কোথায়, কখন, কী কাজ হয়েছে, কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কাজের অগ্রগতি কতটুকু, তা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের প্রস্তাবও রয়েছে।
এতে একই সড়কে পুনরায় বরাদ্দ হচ্ছে কি না, তা যাচাই করা যাবে।
বর্তমানে খসড়ার ওপর সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।
এই খবরে বলা হয়েছে, ২০২৩ সালের পর তিন বছরের মাথায় চারটি পৃথক গ্রেডে পোশাকশিল্প শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বর্ধিত নতুন মজুরি কাঠামোর খসড়া ঘোষণা করা হলেও শ্রমিক অসন্তোষ থামেনি।
গতকাল বুধবার সকাল থেকেই সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজ ছেড়ে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর করেছেন।
এর পরিপ্রেক্ষিতে নতুন করে কিছু কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করার খবর পাওয়া গেছে।
তবে, ঢাকা, নারায়ণগঞ্জসহ আশুলিয়া এমনকি গাজীপুরেরও বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরে গেছেন বলে জানা গেছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।
এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার (এএপি) নিয়োগ দিয়েছে সরকার। এর পাঁচটিই সীমান্তবর্তী।
এর আগে, গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব এনে মাঠপর্যায়ে বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে।
বাহিনীর ভেতরে নজরদারির কথা স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমদও গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
তিনি বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা 'ফ্যাসিস্ট শক্তির' সঙ্গে যুক্ত আছেন। তারা ষড়যন্ত্র করছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে। কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এতে বলা হয়েছে, নতুন করে নাশকতা ও সহিংসতার আশঙ্কায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
একই সঙ্গে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনই চালু হচ্ছে না। বন্ধ থাকা ট্রেন যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও আপাতত কোনো পরিকল্পনা নেই।
পাশাপাশি গোপালগঞ্জে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম।
এরই মধ্যে গ্রেফতার হওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানের বিরুদ্ধে গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বড় ধরনের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইডটকো গ্রুপের পাঁচ দেশের টাওয়ার ব্যবসা বিক্রির জন্য অস্ট্রেলীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ম্যাককুয়ারি অ্যাসেট ম্যানেজমেন্টের (এমএএম) নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ্যালুতে বাধ্যতামূলক চুক্তি করেছে। এ লেনদেনের আওতায় বাংলাদেশের ব্যবসার ৭০ শতাংশ এবং পাকিস্তানের পুরো ব্যবসা অধিগ্রহণ করছে বিনিয়োগ প্রতিষ্ঠান দ্য ওসাইরিস গ্রুপ।
বাংলাদেশে এ অধিগ্রহণের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে ৬০ কোটি ডলারে। এর মাধ্যমে দুই দেশে প্রায় ২০ হাজার টাওয়ারের ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে এত বড় অধিগ্রহণের পরও বাংলাদেশে গ্রুপটির ব্যবসার মূল্যায়ন, বিনিয়োগের অর্থের উৎস, মালিকানা ও অর্থায়ন কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। একই সঙ্গে ওসাইরিসের তহবিল ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামো নিয়েও রয়েছে অস্পষ্টতা।
এই খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই একের পর এক মামলা দায়ের হয়, চালানো হয় সাঁড়াশি অভিযান এবং গ্রেফতার হয় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।
কিন্তু সময় গড়ালে দেখা যায়, তদন্তের গতি ধীর হয়ে পড়ছে, চার্জশিট দিতে গড়াচ্ছে বছরের পর বছর এবং চূড়ান্ত বিচারিক ধাপে পৌঁছানোর আগেই প্রমাণের অভাবে ভেস্তে যাচ্ছে মামলা।
ককটেল নিক্ষেপ করা কিংবা যানবাহনে আগুন দেওয়া মাঠপর্যায়ের ভাড়াটে অপরাধীরা কখনো কখনো গ্রেফতার হলেও যে শীর্ষ নেতাদের ইশারায় ও অর্থায়নে এসব পরিচালিত হয় তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
দাখিলকৃত চার্জশিটের হার বিশ্লেষণ করলে দেখা যায়, মোট মামলার প্রায় ৬৫ শতাংশে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে পারলেও তাতে ফরেনসিক আলামত ও প্রমাণের মারাত্মক ঘাটতি থাকে।
ফলে আদালত পর্যন্ত গড়ালেও চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ায় সাজা পাওয়ার হার পাঁচ শতাংশের নিচে। সাক্ষী উপস্থিত না হওয়া এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে অধিকাংশ আসামি খালাস পেয়ে যায়।
এই খবরে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় আমানতের বিপরীতে ক্রমে বড় হচ্ছে অলস অর্থের পাহাড়। কিন্তু টাকার অভাবে শোচনীয় দিন পার করছেন উদ্যোক্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৭ টাকা ঋণ দেওয়ার সুযোগ থাকলেও ব্যাংকগুলো ঋণ দিয়েছে মাত্র ৬০ টাকা।
অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে আরো ২৭ টাকা ঋণ দেওয়ার সক্ষমতা অব্যবহৃত রয়ে গেছে। আমানত বাড়লেও ঋণ বিতরণ না বাড়ায় ব্যাংকগুলোর এই অব্যবহৃত সক্ষমতা দিন দিন বাড়ছে।
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ এই সময় ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে মাত্র তিন হাজার কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
সূত্র: বিবিস





