ফের বোমা হামলার হুমকি পেলেন অমিতাভ বচ্চন
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে এ হুমকি পাওয়ার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) কমিশনার অশ্বিনী ভিডেকে পাঠানো ই-মেইলে একাধিক স্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এর মধ্যে অমিতাভের বাসভবন ‘জলসা’, মহালক্ষ্মী এলাকা এবং শহরের কয়েকটি মেট্রো স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ব্র্যাড-অ্যাঞ্জেলিনার
হুমকিবার্তায় দাবি করা হয়েছে, জলসা, সায়েন্স ও আচার্য মেট্রো স্টেশনসহ কয়েকটি স্থানে বিস্ফোরক রাখা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে মুম্বাইজুড়ে গ্রেনেড হামলা এবং ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মেট্রো স্টেশনগুলোতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
ই-মেইলে খালিস্তান ন্যাশনাল আর্মি ও বাব্বর খালসাসহ কয়েকটি খালিস্তানপন্থী সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এ ছাড়া ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: সিদ্ধার্থর সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন মিমির
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৮তম বার্ষিকীতে নতুন এই হুমকি সামনে এলো। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন।
এর আগেও একাধিকবার অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’কে লক্ষ্য করে হামলার হুমকি দেওয়া হয়েছিল। গত অক্টোবরে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে পাঠানো একটি ই-মেইলেও তাঁর বাড়ির নাম উল্লেখ করা হয়েছিল। চলতি মাসের শুরুতে পাওয়া আরেকটি হুমকিবার্তায়ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিল জলসা।
আগের হুমকির পরিপ্রেক্ষিতে অমিতাভের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এমনকি প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের অভিবাদন জানান অভিনেতা।
সর্বশেষ হুমকির পর মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ ই-মেইলটির উৎস শনাক্ত এবং এতে উল্লেখ করা হুমকিগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, অমিতাভ বচ্চন বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন।





