চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Any Akter
মোস্তফা কামাল, চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৬ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আকস্মিকভাবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।  কোনো কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে হঠাৎ করেই আজ রবিবার সকাল  ৯ টার দিকে আকস্মিকভাবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ  পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। 

পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা  ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশও দেন।

আরও পড়ুন: এনবিআরে বড় রদবদল, একযোগে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার

এদিকে, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের হাজিরা খাতা  চেক করতে  গিয়ে ছুটি ছাড়াই একজন নার্সকে দীর্ঘদিন  অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে তাৎক্ষণিকভাবে তাকে বদলি করার নির্দেশ প্রদান করেন তিনি। হাসপাতালের সার্বিক চিত্র নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করলেও পরিষ্কার পরিছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে মন্ত্রীর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, স্থানীয় সাংবাদিক ও রাজনীতিক নেতৃবৃন্দ ।

সাংবাদিকদের সাথে আলোচনায়  মন্ত্রী বর্তমান সরকারের স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন মন্ত্রী এবং জরুরি ভিত্তিতে একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন শিশু বিশেষজ্ঞ দেয়ার আশ্বস্ত  করেন যেটা স্থানীয় সেবা প্রত্যাশীদের  জোরালো দাবি  ছিল।