দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঘিরে থাকা নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
সভায় ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ কমানো, জমে থাকা বর্জ্য অপসারণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়ও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া রাজধানীর চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়। গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ পথ দ্রুত উন্নয়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর
পরিবেশ ও নদী ব্যবস্থাপনার কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, শুধু সরকারি নির্দেশনার ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





