ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর পরশুরাম ও ফুলগাজীতে তার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ১ অক্টোবর সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। নতুন করে আগামী ১ অক্টোবর তার ফেনী সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

আরও পড়ুন: ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক। তিনি জানান, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে তাদের জানানো হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুও সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর ফেনী সফর পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনীতে আসবেন বলে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রস্তুতিতে ব্যস্ত ছিল পরশুরাম-ফুলগাজী

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বেশ কিছুদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চলছিল। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম-সুবার বাজার সড়কের পাশে মুহুরী নদীর তীরে একটি পথসভাস্থল তৈরির কাজও এগিয়ে নেওয়া হচ্ছিল।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে নদীর তীরবর্তী এলাকায় সভাস্থল, মঞ্চ এবং উদ্বোধনী ফলক স্থাপনের জন্য নির্ধারিত স্থান প্রস্তুত করা হচ্ছিল।

ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল ও মঞ্চ তৈরির জায়গা উঁচু করা হয়। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিও চলছিল দ্রুতগতিতে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হয়েছিল। সড়কের কিছু জায়গায় মেরামত, রং করা এবং সৌন্দর্যবর্ধনের কাজও চলছিল।

ফুলগাজীতে ছিল একাধিক কর্মসূচি

১৭ সেপ্টেম্বর ফুলগাজীতেও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল।

পাশাপাশি ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনাও ছিল। প্রধানমন্ত্রীর সফর স্থগিত হওয়ায় এসব কর্মসূচির নতুন সময়সূচি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এখন আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে পরশুরাম ও ফুলগাজীতে পূর্বনির্ধারিত প্রস্তুতিগুলো কীভাবে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।