অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
অপরাধ প্রতিরোধ ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। একই সঙ্গে ঢাকার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অপরাধীদের গতিবিধি আগেই নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন
সভায় কমিশনার বলেন, অপরাধ দমনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে ডিউটি নিশ্চিত করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ঘাটতি বা শূন্যতা তৈরি না হয়। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে হবে।
রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেন ডিএমপি কমিশনার। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে অতিথিদের তালিকা নিয়মিত সংগ্রহের পাশাপাশি প্রয়োজনের সময় যাতে এসব তথ্য দ্রুত পাওয়া যায়, সে ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: আগামীকাল প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় প্রবেশ করে অপরাধ সংঘটন করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এ জন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা বলেন কমিশনার।
সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রাপ্ত তথ্য দ্রুত কাজে লাগানোর নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।
সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ডিএমপির বিভিন্ন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নেন।





