সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ অ্যান্ড বিজনেস’-এর প্রধান সম্পাদক এসএম শামীমকে হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন তিনি। জিডির নম্বর ১১৭৫, ট্র্যাকিং নম্বর J2VN1U।

আরও পড়ুন: শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ বেগুনবাড়ির ৪/৪ ও ৭/এ/২ নম্বর হোল্ডিংয়ে বিজি প্রেসের সাবেক ড্রাইভার মোসাদ্দেক হোসেন শফির দুটি আটতলা ভবন নিয়ে ‘নিউজ অ্যান্ড বিজনেস’-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে ভবন দুটির নির্মাণে অনিয়ম, অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ এবং ফ্ল্যাটগুলোতে অবৈধ গ্যাস সংযোগ থাকার বিষয় তুলে ধরা হয়।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ১২ থেকে ১৬ সেপ্টেম্বর শফির পক্ষে রাজ, বাবুসহ কয়েকজন ফোন করে সংবাদ সরিয়ে নেওয়া এবং পরবর্তী প্রতিবেদন প্রকাশ না করার জন্য চাপ দেন।

আরও পড়ুন: ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় চতুর্থ

একই সঙ্গে সংবাদ বন্ধের বিনিময়ে অর্থ দাবির অভিযোগ তুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এস এম শামীম বলেন, “সংবাদ প্রকাশের পর একটি মহল আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত সুরক্ষার জন্য থানায় জিডি করেছি।”

জিডি গ্রহণের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসআই মো. আব্দুল হামিদকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।