‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি প্রত্যাহারের পর সংযুক্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করার অভিযোগ উঠেছে। অডিওতে ‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না’—এমন বক্তব্যসহ আরও নানা মন্তব্য শোনা যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মো. রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ক্যান্টনমেন্ট থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে বৃহস্পতিবার পূর্বাহ্ণে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত (Closed) করা হয়েছে। আদেশটি অদ্যই কার্যকর হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ওসি রাকিবুল হাসানকে নিয়ে আলোচনা শুরু হয়। অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথোপকথন শোনা যায়।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
ছড়িয়ে পড়া অডিওতে রাকিবুলকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ এ সময় তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য শোনা যায়।
গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার রাকিবুল হাসানকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন।
পরে কমিশনারের স্বাক্ষরিত পৃথক কার্যালয় আদেশে তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে সরিয়ে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়।





