তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে এই গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আরও পড়ুন: বর্জ্য দিলেই মিলবে নিত্যপণ্য, বুড়িগঙ্গায় চালু ভাসমান বাজার

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ নম্বর কূপ খননের কাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত খননকাজে কূপটি প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত নেওয়া হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি যাচাই সম্পন্ন করা হয়।

পরীক্ষামূলক সরবরাহে যুক্ত হয়েছে ২০০ কোটি টাকার গ্যাস

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের পে-স্কেলের গেজেট প্রকাশ

কূপটির কার্যকারিতা যাচাইয়ের পর গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। সংশ্লিষ্টদের হিসাবে, পরীক্ষামূলক সরবরাহের সময় এই কূপ থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এখন পরীক্ষামূলক পর্যায় শেষ করে কূপটি থেকে নিয়মিত গ্যাস সরবরাহ করা হবে। প্রতিদিন তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিতাসে উৎপাদনরত ২৩ কূপ

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রে ২৩টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব কূপের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

নতুন করে ২৮ নম্বর কূপের গ্যাস যুক্ত হওয়ায় জাতীয় পর্যায়ে সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎস থেকে গ্যাসের জোগান শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমদানিনির্ভরতা কমাতে দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই নতুন কূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।