গঙ্গার পানি বণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি শুধু নবায়ন নয়, বরং নতুন করে চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষার পাশাপাশি পানির নিশ্চয়তা দিতে ‘গ্যারান্টি ক্লজ’ রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এ অবস্থানের কথা জানান পানিসম্পদমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে নদ-নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে দ্রুত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশের নদীগুলো বিভিন্ন ধরনের বিরূপ প্রভাবের মুখে পড়ছে। নদী দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর বুড়িগঙ্গা নদীকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। নদী রক্ষায় দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: মধ্যরাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তিতে নির্দিষ্ট সময়ে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী পানি পাওয়ার নিশ্চয়তা রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান মন্ত্রী। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় অতিরিক্ত পানির প্রবাহ—দুই পরিস্থিতিই বিবেচনায় রেখে চুক্তির কাঠামো তৈরির প্রয়োজন রয়েছে বলে তিনি জানান। 

এদিকে অনুষ্ঠানে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

নদীর দূষণ কমানো, পানির প্রবাহ রক্ষা এবং দেশের পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপরও অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।