আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদানমূলক কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিরাপদে চলাচল করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণির সার্বিক তত্ত্বাবধানে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোতায়েন করা ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস ও মাওনা এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এর মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছেন বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকি করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে একটি তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নিকটবর্তী শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত অঙ্গীভূত আনসার গার্ডের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে বাহিনী পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চলেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।