বাংলাদেশ রুটে বিমান ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মান বাড়াতে বেবিচকের নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটের মতো বাংলাদেশ রুটেও সমমানের যাত্রীসেবা নিশ্চিত করতে এয়ারলাইন্স অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনাপত্র বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার করার পাশাপাশি কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

নির্দেশনায় আরও বলা হয়েছে, কিছু এয়ারলাইন্স অপারেটর তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে বলে বেবিচকের নজরে এসেছে। এ ধরনের পরিস্থিতি দূর করতে বাংলাদেশ রুটে নিরাপদ, আরামদায়ক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ রুটে যাত্রীসেবার মানে বৈষম্য দূর করার বিষয়েও গুরুত্ব দিয়েছে বেবিচক। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদেরও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীরা যাতে সেবার মানের ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া অপেক্ষাকৃত বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। এ প্রেক্ষাপটে ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এয়ারলাইন্স অপারেটরদের অনুরোধ জানানো হয়েছে।

বেবিচকের নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ, উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া এসব বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেবার মান যাচাইয়ের জন্য বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।