অংশ নিলেন ৮০০ চিকিৎসক
ঢাকায় অনুষ্ঠিত হলো বেস্ট অব এএসসিও ও এমওএসবি কংগ্রেস
বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সর্বশেষ বৈজ্ঞানিক জ্ঞান ও আধুনিক চিকিৎসাপদ্ধতির সঙ্গে চিকিৎসকদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বেস্ট অব এএসসিও ও এমওএসবি কংগ্রেস ২০২৬’। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের ৮০ জনের বেশি ক্যান্সার বিশেষজ্ঞ এবং ৮০০-এর অধিক চিকিৎসক অংশ নেন। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ (এমওএসবি)-এর উদ্যোগে গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ক্যান্সার চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, নতুন চিকিৎসাপদ্ধতি, আধুনিক থেরাপি এবং রোগী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁদের সর্বশেষ গবেষণা, ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও প্রমাণভিত্তিক চিকিৎসা-পদ্ধতি নিয়ে বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন।
আরও পড়ুন: মূল টাকা তুলতেও মুনাফা ছাড়ার অঙ্গীকার, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ক্ষোভ
সম্মেলনে সভাপতিত্ব করেন এমওএসবির নির্বাহী সভাপতি ডা. রফিকুল ইসলাম। আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের সর্বশেষ চিকিৎসা-নির্দেশনা ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসকদের জন্য জ্ঞান ও দক্ষতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
সম্মেলনের বিশেষ পর্বে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। দেশের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
আরও পড়ুন: জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দুই দিনের এ আয়োজনে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখার চিকিৎসকরা অংশ নেন।
সম্মেলনে এমওএসবির জেনারেল সেক্রেটারি ডা. জাহাঙ্গীর আলম, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন খান, কংগ্রেসের আহ্বায়ক অধ্যাপিকা ডা. নাজরিনা খাতুন, আন্তর্জাতিক সম্পাদক ডা. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ হোসেন এবং সাইন্টিফিক সেক্রেটারি ডা. মোশফিকা রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ক্যান্সার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন নিয়মিত আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে। পাশাপাশি ক্যান্সার বিশেষজ্ঞদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়াতে সরকারের সহযোগিতার প্রত্যাশাও জানান তারা।





