সিলেটসহ কয়েক বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি
ছুটির দিন শুক্রবার সকালে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কয়েক দিনের গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে।
সকালে প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া মানুষকে ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় যানজটের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসব এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আগামী পাঁচ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
এদিকে কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।





