অক্টোবরে নবম পে স্কেলের বেতন, অপেক্ষায় এমপিওভুক্ত শিক্ষকরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবর মাসের বেতন নবম জাতীয় পে স্কেলের ভিত্তিতে দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে গত তিন মাসের বকেয়া বেতনও পাওয়ার কথা রয়েছে।

তবে নতুন বেতন কাঠামো নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তাদের নতুন বেতন-ভাতা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। একই পরিস্থিতি বিচার বিভাগীয় কর্মীদের ক্ষেত্রেও রয়েছে।

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে সরকারি চাকরিজীবীরা অক্টোবরের বেতন নতুন স্কেলে পাওয়ার প্রস্তুতি এগিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন-ভাতা পেতে আরও অপেক্ষা করতে হতে পারে।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

আরও পড়ুন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার)-২০২৬ অনুষ্ঠিত

তিনি বলেন, প্রায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মৌলিক চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে তাদের জন্যও দ্রুত প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন প্রক্রিয়ায় এখনো অনেক ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের কাজ হাতে-কলমে করতে হয়।

এ কারণে নতুন বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় হিসাব ও প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। আর এ কারণেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারিতেও বিলম্ব হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।