দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল সংস্কার করে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী, দক্ষ, নৈতিক ও মানবিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছে, তা যেন বাস্তব জীবনে, দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগে এবং পড়াশোনা শেষে যথাযথ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আরও পড়ুন: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা কার্যকর শিক্ষা লাভ করতে পারে এবং সেই শিক্ষার মাধ্যমে নিজেদের জীবন ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। শিক্ষাব্যবস্থা থেকে প্রকৃত প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পেতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষাকে দেশের প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে।
আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা কলেজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এই উপমহাদেশের বহু মানুষের শিক্ষাজীবনের সঙ্গে প্রতিষ্ঠানটির নিবিড় সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার প্রসারে ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান আমল এবং ব্রিটিশ শাসনকালেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। প্রশাসন, রাজনীতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেতৃত্বের আসনে ছিলেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও গোপনে ছাত্ররাজনীতি চলত। শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিতেন এবং সংগঠন করার চেষ্টা করতেন।
রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠান থেকে বহু মেধাবী ও সৃজনশীল মানুষ বেরিয়ে এসেছেন, যারা দেশ পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারে যে দলই থাকুক, ঢাকা কলেজকে এগিয়ে নেওয়া উচিত।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন এবং শিক্ষা-সংক্রান্ত সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এসব সমস্যা দ্রুত সমাধানের পদক্ষেপ নিয়ে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। এসব আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ভবিষ্যতেও শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধের মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে যেতে হলে শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্ম তৈরি করা প্রয়োজন। এমন প্রজন্মই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবে।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব প্রযুক্তি এখন নতুন বাস্তবতা।
শিক্ষাব্যবস্থাকেও পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষা সাজাতে হবে। এআইকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতকেও এগিয়ে নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। বর্তমান তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছে, তার বাস্তব প্রতিফলন দেখতে চান তিনি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান। বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।





