বিএনপির কমিটি ভাঙায় ব্যথিত সেই ওসি এবার বদলি

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে রাজধানীর রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

গত ৩ অক্টোবর রুপনগর থানার ওসিকে নিয়ে ‘বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়’ শিরোনামে যুগান্তর অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের পর ওসির বিরুদ্ধে যে কোনো সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে এমন জোর গুঞ্জন রুপনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ছাড়া যুগান্তরের প্রতিবেদনের পর পুলিশের একটি সংস্থার প্রতিবেদনেও ওসি নোমানকে নিয়ে এমন তথ্য উঠে আসে। অবশেষে প্রতিবেদন প্রকাশের ৪ দিন পর রুপনগর থানার ওসি নোমান হোসেনকে তার কর্মস্থল থেকে বদলি করা হয়।

আরও পড়ুন: ডিআইজি পরিচয়ের জেরে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট এই বিলুপ্ত  কমিটির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙে দেওয়ার দুদিন পর বিলুপ্ত কমিটির এক শীর্ষ নেতাকে ফের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাজধানীর রুপনগর থানার ওসি নোমান হোসেন। 

ওসির এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। অনেকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা করেন। একজন সরকারি কর্মচারী হয়ে একটি রাজনৈতিক দলের কমিটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অনেকে ওসির শাস্তির দাবি করেন। আবার অনেকে মন্তব্যের ঘরে ওসিকে দালাল হিসেবে আখ্যায়িত করে পুলিশের উপরের মহলের হস্তক্ষেপ কামনা করেন। আবার অনেকে ওসিকে ভেঙে না পড়ে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত মনোবল চাঙা রাখার পরামর্শ দেন। 

আরও পড়ুন: বিশ্ব ডাক দিবস আজ

এ ব্যাপারে রুপনগর থানার ওসি নোমান হোসেনকে কয়েকদফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রুপনগর থানার ওসির স্ট্যাটাসটি আমি দেখেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত করা হচ্ছে। তিনি দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।