৭ নভেম্বর ঢাকায় বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি। আগামীকাল শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, তারেক রহমানের উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হবে।

আরও পড়ুন: কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না

শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে কর্মসূচি শেষ হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন: শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি গত ৫ নভেম্বর শুরু হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, পোস্টার লাগানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

রিজভী আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষও দিবসটি পালনের উদ্যোগ নিয়েছেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করে দিয়েছিল। এত দিন বিএনপি ও সমমনা দলগুলো নিজ উদ্যোগে দিবসটি পালন করে এসেছে। দীর্ঘ সময় পর এবার আবারও রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে দিবসটি পালিত হবে বলে জানান তিনি।

তাঁর ভাষ্য, ৭ নভেম্বরের চেতনা এখন আর শুধু রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই; সাধারণ মানুষের মধ্যেও দিবসটি নিয়ে আগ্রহ ও আবেদন তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।