মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের মালিকেরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন। এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
আরও পড়ুন: নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিআরটিএর বিজ্ঞপ্তিতে স্কুটার এবং স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।
স্কুটারের ক্ষেত্রে: সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরপ্লেটে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে: নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এখানেও বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর পটভূমি সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। এ ছাড়া নম্বরপ্লেটে অন্য কোনো ধরনের নকশা, শোভাবর্ধন বা সাজসজ্জা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন—ঢাকা মেট্রো-ল-১১-১১২৬। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।





