কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক

তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অগ্নিকাণ্ডের স্থানটির আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে থাকা পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।