নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। প্রয়োজনে তাঁরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলেও তিনি সংসদকে জানান।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, রাত থেকেই তাঁরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তিনি প্রশ্ন তুলে বলেন, ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল না যাওয়া এবং ফরেনসিক তদন্ত না হওয়ার পরও ওসি কীভাবে ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা নয় বলে ঘোষণা দিলেন, তা তাঁর বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কারা, তা এখন স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও ককটেল বিস্ফোরণ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া গতকাল পরিসংখ্যান তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন তিনি।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাঁদের নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

নাহিদ ইসলাম আরও সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্য তাঁরা হলেও দ্বিতীয় লক্ষ্য হবেন সরকারে থাকা ব্যক্তিরা। ফ্যাসিস্ট শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না। আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাব রয়েছে কি না, সে বিষয়েও তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

নাহিদ ইসলামের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে রুলিং দিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যে প্রশ্ন তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণের ঘটনা গুরুতর বিষয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।