এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

এর আগে বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানতে চান, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছিলেন। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলা করে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলা যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তাঁর বাবা-মা বসবাস করেন।

আরও পড়ুন: বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, ওই টিনশেড ঘরে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। অগ্নিকাণ্ডে ছাগল দুটি মারা গেছে।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন।

অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা খতিয়ে দেখতে ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ দল তদন্ত করছে।

সংসদে বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরে মন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত, স্থানীয় ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। এতে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি। কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি।

ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি এবং অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ দুর্বল ছিল। এ কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা; চূড়ান্ত তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ ১২/১১) নথিভুক্ত হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অধিকতর তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।