বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার জাতিসংঘ সদরদপ্তরে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ জাতিসংঘের উভয় সংস্থা ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে উপদেষ্টা জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির আরও সহযোগিতা কামনা করেন। জবাবে উপ-পরিচালক বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বাংলাদেশের সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উভয় সংস্থার চলমান কর্মসূচিগুলোকে আরও সময়োপযোগী করার বিষয়ে পরামর্শমূলক প্রস্তাব দেন। উভয় সংস্থার প্রতিনিধিরা তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।