হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন, ৭ দিনের রিমান্ড

Shahrier Islam Pallab
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

গতকাল মঙ্গলবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড চেয়ে আবেদনে পরিদর্শক মো. সুজন হক উল্লেখ করেন,মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনা সংক্রান্তে তথ্য সংগ্রহের জন্য, পলাতক আসামিদের বর্তমান অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও গ্রেপ্তারের জন্য, অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের জন্য, তার আশ্রয় দাতা সংক্রান্ত তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায়, কোথায় তারা বর্তমানে সভা-আলোচনা করে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিকালে সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী আবু সাইদ সাগর তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

এর আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেন সাঈদ খোকন। ওই ভিডিওবার্তায় তিনি দাবি করেন, পুরো বাংলাদেশ যেন একটি কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তার ওপরই খড়্গ নেমে আসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেন।

এসআরবি সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে সকালে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে মামলা ও অনুসন্ধান চলছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও মামলা রয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এ ছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই সঙ্গে গুলশানে তার ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়। সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।