প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অস্ত্র হাতে যাদের ছবি ও ভিডিওতে পাওয়া গেছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সাধারণ রাজনৈতিক কর্মসূচি পালনও আইনসম্মত নয়। এর মধ্যে বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, সোমবার থেকেই গোপালগঞ্জে যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে। যেসব ব্যক্তিকে অস্ত্র হাতে ছবি ও ভিডিওতে দেখা গেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

পুলিশের বল প্রয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় মাত্রায় তা প্রয়োগ করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত শক্তি ব্যবহার করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে যে সমালোচনা হয়েছে, সরকার তার পুনরাবৃত্তি দেখতে চায় না।

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কর্মসূচির ঘোষণায় সাধারণত সারা দেশে বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

গোপালগঞ্জে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলির বিষয়ে জাহেদ উর রহমান বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে ঘাটতি দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। তবে প্রতিটি বদলির পেছনে ইচ্ছাকৃত দায়িত্বে অবহেলার বিষয় রয়েছে, এমনটি নয়।

দেশের বর্তমান প্রাতিষ্ঠানিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বিভিন্ন প্রতিষ্ঠান এখনো দুর্বল অবস্থায় রয়েছে। সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নজরদারি করা হচ্ছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রভাব বিস্তার করলে তা উদ্বেগের বিষয়। সরকার নিজস্ব ব্যবস্থাপনায় এ বিষয়ে নজরদারি করছে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।