ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবা, পেট্রোলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ৭৩ জন, গুলশান বিভাগে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) চারজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২

অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা এবং চার বোতল তরল পেট্রোল উদ্ধার করা হয়। এ ছাড়া পেট্রোলযুক্ত পলিথিনের দুটি গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত ‘শুটার লেলিন’ গ্রেপ্তার