পর্দার চুমুতে কাদের সঙ্গে সবচেয়ে উপভোগ করেছেন, জানালেন অভিনেত্রী
সহশিল্পীদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা, নিজের শারীরিক পরিবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির হারিয়ে যাওয়া ধনুক-তির নিয়ে খোলামেলা কথা বলেছেন অস্কারজয়ী অভিনেত্রী।
আরও পড়ুন: তিন বছরের বিরতি ভেঙে একসঙ্গে জোভান-ফারিণ
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত প্রকাশে বরাবরই অকপট। এবার টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা থেকে শুরু করে নিজের স্তন ইমপ্লান্ট এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক নিয়ে কথা বলেছেন তিনি।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন অ্যান্ডি কোহেন। এতে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।
আরও পড়ুন: পর্দায় ফিরছেন চুলবুল পাণ্ডে
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপ—এই ক্রমে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থান পান জশ হাচারসন। দ্বিতীয় স্থানে ছিলেন লিয়াম হেমসওর্থ। এরপর যথাক্রমে ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামেকে রাখেন তিনি। তালিকার শেষ স্থানে ছিলেন ক্রিস প্র্যাট।
‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের ‘ক্যাচিং ফায়ার’ ছবিতে জশ হাচারসনের সঙ্গে অভিনয় করেন জেনিফার। একই সিরিজের ‘মকিংজে—পার্ট ওয়ান’-এ তাঁর সহশিল্পী ছিলেন লিয়াম হেমসওর্থ। ব্র্যাডলি কুপারের সঙ্গে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ও ‘সেরেনা’ এবং টিমোথি শ্যালামের সঙ্গে ‘ডোন্ট লুক আপ’ ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে ‘প্যাসেঞ্জার্স’ ছবিতে জেনিফারের বিপরীতে অভিনয় করেছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে নিজের শারীরিক পরিবর্তন নিয়েও খোলামেলা কথা বলেন জেনিফার। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি জানান, তাঁর নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
এ ছাড়া ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, জানতে চান অ্যান্ডি কোহেন। জবাবে জেনিফার জানান, ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের সময় ব্যবহৃত ধনুক-তির তিনি সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না। মজা করে বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। তবে ঠিক কোথায় হারিয়েছে, তা তাঁর জানা নেই।
২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের প্রথম ছবি মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার লরেন্স। ছবিতে ধনুক-তির হাতে তাঁর লড়াইয়ের দৃশ্যগুলোও দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল।
এদিকে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির প্রচারণায় সম্প্রতি একসঙ্গে অংশ নিচ্ছেন জেনিফার লরেন্স ও জশ হাচারসন। নতুন ছবিটি মূল সিরিজের আগের সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে হেইমিচ অ্যাবারনাথির শুরুর জীবনের ঘটনা তুলে ধরা হবে। নতুন ছবিতে জেনিফার ও জশের উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।





