সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট
বাংলা গানের জগতে সঞ্জীব চৌধুরী এমন এক নাম, যাঁর সৃষ্টি এখনো মুগ্ধ করে সংগীতপ্রেমীদের। সময় পেরোলেও তাঁর গান ও সুরের আবেদন কমেনি। প্রয়াত এই শিল্পীর স্মৃতি ও সংগীতকর্মকে নতুন করে উদ্যাপন করতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। এতে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান নিয়ে মঞ্চে উঠবেন চার সংগীতশিল্পী।
আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এতে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর সংগীতচর্চা ও সৃষ্টির প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজনের পরিকল্পনা করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।
আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী
২০০৭ সালের ১৯ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন এই কনসার্টের আয়োজন করা হয়েছে। গানের মধ্য দিয়ে প্রিয় শিল্পীকে স্মরণ করার পাশাপাশি তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে সঞ্জীব চৌধুরীর অবস্থান স্বতন্ত্র। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তাঁর কণ্ঠ, গায়কির ধরন, গীতিকবিতা ও সুরের বৈশিষ্ট্য তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘সাঁকোটা দুলছে’
‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। শুধু আধুনিক গান নয়, লোকসংগীতকেও নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
লোকজ ঐতিহ্য ও আধুনিক সংগীতের মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী তৈরি করেছিলেন নিজস্ব সংগীতভাষা। তাঁর গান, কবিতা ও জীবনবোধ আজও শ্রোতাদের ভাবায়। সেই সৃষ্টির প্রতি ভালোবাসা থেকেই ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক এই আয়োজন। কনসার্টের মাধ্যমে তাঁর জনপ্রিয় গানগুলো আবারও নতুন করে শোনার সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অনুষ্ঠানস্থলে টিকিট কিনতে খরচ হবে ১ হাজার টাকা। টিকিট ও অন্যান্য তথ্যের জন্য ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে যোগাযোগ করা যাবে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সময় রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করতে হবে।





