নারী ক্রিকেটে যৌন হয়রানি উদ্বেগ-উৎকণ্ঠায় ক্রিকেটাররা

Any Akter
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

# নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের আহ্বান এনএসএর

# ক্যারিয়ার হারানোর ভয় আর বিচারহীনতার কারণে মুখ খুলছেন না অনেকে

আরও পড়ুন: সাংবিধানিকভাবে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ

# ১০৪ জনের বক্তব্যে নারী ক্রিকেটের ভয়ংকর চিত্র প্রকাশ্যে এসেছে

# নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও মাতৃত্বের সুরক্ষায় উদ্যোগ বিসিবির

আরও পড়ুন: স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জসহ অন্যান্য আক্রান্ত এলাকা

# লজ্জাজনক পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য

মাঠের ২২ গজে যাঁরা দেশের পতাকা উঁচিয়ে ধরেন, মাঠের বাইরে কি তাঁরা আদৌ নিরাপদ? সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির একের পর এক অভিযোগ ক্রীড়াঙ্গনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় দল—ক্ষমতার অপব্যবহার আর নিরাপত্তাহীনতার অন্ধকার ছায়া যেন ক্রমশ বাড়ছে। দেশের নারী ক্রিকেটের সাফল্যের গল্পের আড়ালে জমছে উদ্বেগ আর নিরাপত্তাহীনতার কালো মেঘ। সাম্প্রতিক বিভিন্ন তদন্ত ও খেলোয়াড়দের বক্তব্যে নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও মানসিক চাপের ভয়াবহ চিত্র সামনে এসেছে। ক্যারিয়ার হারানোর ভয় আর বিচারহীনতার সংস্কৃতি এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। সম্প্রতি জেলার মাঠ থেকে শুরু করে জাতীয় দলের ড্রেসিংরুম- দেশের নারী ক্রিকেটের প্রতিটি স্তরে স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চলে আসছে লাগামহীন যৌন হয়রানি। 

সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদনে নারী ক্রিকেটে ব্যাপক যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার নানা অভিযোগ উঠে এসেছে। ওই প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট ১০৪ জনের বক্তব্যের ভিত্তিতে নারী ক্রিকেটের অন্ধকার ও ভয়ংকর চিত্র প্রকাশ্যে এসেছে। সাইফুল ইসলাম খোকন বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের নারী দলের কোচ হিসেবে পরিচিত এবং সম্প্রতি নারী ক্রিকেটারদের প্রতি যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগের কারণে তিনি আলোচনায় এসেছেন। অপর দিকে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য হুইসেল এর প্রতিবেদনে রাজশাহীর ক্রিকেটার খাদিজা আক্তার লামিয়া তার কোচ সজল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। ঢাকার পুরোনো একটি ক্রিকেট ক্লাব। ১৫-১৬ জন নারী ক্রিকেটার। আবাসিক হোস্টেলে ওয়াশরুম ছিল মাত্র দুটি। গোসলের সারি লম্বা হলে মেয়েরা প্রায়ই কোচের ঘরের ওয়াশরুমে যেতেন। মেয়েটি সেদিন গিয়েছিলেন এক সতীর্থের সঙ্গে। তখন তার বয়স ১৮। কোচ বয়সে তার বাবার মতো। নারী ক্রিকেটে প্রভাবশালী কোচদের একজন। সতীর্থ মেয়েটি গোসলে ঢুকে গেলে সেখানে ছিলেন কেবল সেই কোচ আর তিনি। সেদিনের ঘটনা বলতে গিয়ে কেঁদেই ফেলেন মেয়েটি, ‘উনি ডিরেক্ট আমার বুকে টাচ কইরাই ফেলছে। আমি ওই রকম আশা করি নাই যে স্যার এ রকম কিছু করবে।’ মেয়েটি তখনই ঘর থেকে বেরিয়ে আসেন। কাউকেই কিছু বলেননি—না পরিবারকে, না সতীর্থদেরও। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রুহুল আমিন তিন দশক ধরে ঢাকার খেলাঘর ক্লাবের কোচ ছিলেন। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেতনভুক্ত কোচ। ২০২০ সালে কক্সবাজারে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের যে ক্যাম্পে মেয়েটি ডাক পেয়েছিলেন, সেখানেও কোচ ছিলেন তিনি। আর তখন বিসিবিতে যৌন হয়রানির অভিযোগ নেওয়ার কোনো কমিটি ছিল না। কয়েক বছর পর ক্রিকেট খেলাই ছেড়ে দেন মেয়েটি। তার মা আজও কারণটি জানেন না। অথচ মেয়েটি পরিবারের বাধা, আপত্তি উপেক্ষা করে ক্রিকেটার হতে চেয়েছিলেন, এ জন্যই নিজ জেলা ছেড়ে এসেছিলেন ঢাকায়।

পুলিশ নারী দলের একজন সাবেক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলে টিকে থাকতে হলে কোচের কথা শুনতে হতো। না শুনলে পরের ম্যাচে আর নাম থাকতো না। আমরা ভয়ে কাউকে কিছু বলতে পারতাম না।’ আরেকজন ক্রিকেটার বলেন, আমরা খেলার জন্য এসেছিলাম। কিন্তু আমাদের লড়তে হয়েছে মাঠের বাইরে। তাদের ভাষ্য, দলে সুযোগ, ব্যাটিং অর্ডার, একাদশে থাকা সবকিছুই নির্ভর করতো কোচের মর্জির ওপর। আর সেই মর্জিকে কাজে লাগিয়ে তিনি নারী ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করতেন, যা কোনোভাবেই একজন কোচের কাছ থেকে কাম্য নয়। ভুক্তভোগীদের দাবি, তারা শুধু মুখে বলেননি। তারা লিখিতভাবে জানিয়েছেন। ইমেইল করেছেন। অভিযুক্ত কোচ সাইফুল ইসলাম, রুহুল আমিন ও সজল আহমেদ চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, যৌন হয়রানি শিকার সব নারী ক্রিকেটারকে সাহস নিয়ে এগিয়ে আসা উচিত। জাহানারার অভিযোগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যেকোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন।’ নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, দলে সুযোগ পাওয়া, একাদশে থাকা বা কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখানোর বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে নির্দিষ্ট কিছু কোচ ও নির্বাচকদের ইচ্ছের ওপর। আর এই ক্ষমতার অপব্যবহার করে তারা তরুণী ও উদীয়মান নারী ক্রিকেটারদের নানা কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছেন। প্রস্তাবে রাজি না হলে মেধাবী খেলোয়াড়দের দল থেকে বসিয়ে রাখা, মানসিক নির্যাতন এবং একপর্যায়ে বাধ্য করা হয় ক্রিকেট ছেড়ে দিতে। খুলনা, ঢাকা ও অন্যান্য আঞ্চলিক পর্যায়ে খোদ বিসিবির বেতনভুক্ত ও প্রভাবশালী কোচদের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ দীর্ঘদিন ধরে ‘ওপেন সিক্রেট’ থাকলেও ভুক্তভোগী নারী ক্রিকেটাররা সামাজিক ভয়, পরিবার ও ক্যারিয়ারের কথা ভেবে এতদিন মুখ খোলার সাহস পাননি। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির বড় অভিযোগটি করেছেন কোচ মঞ্জুর বিরুদ্ধে। হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যৌন হয়রানি রোধে কোনো কার্যকর বা স্বাধীন অভিযোগ কমিটি বা পূর্ণাঙ্গ কাঠামো ছিল না। ফলে ভুক্তভোগীরা চাইলেও অভিযোগ জানানোর কোনো প্ল্যাটফর্ম পাননি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম নিউজিল্যান্ড সফরে তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। নারী ক্রিকেটে দীর্ঘদিনের অনিয়ম, হয়রানির অভিযোগ ও খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের অভিযোগ গ্রহণ ও তদন্তে স্বাধীন কমিটি গঠনের পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি এবং সন্তান জন্মের পর মাঠে ফেরার সুযোগ নিশ্চিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে নিচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সম্প্রতি নারী ক্রিকেট নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী তথ্যচিত্রে উঠে আসা বিভিন্ন অভিযোগ ও দীর্ঘদিনের সমস্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তামিম জানান, তথ্যচিত্রে বর্ণিত ঘটনাগুলো অনেক বছর ধরে ঘটে আসা বিষয়। সেগুলোর সঙ্গে বর্তমান বোর্ডের সম্পৃক্ততা নেই। তবে অতীতের ঘটনাগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে দিচ্ছেন সাবেক এই অধিনায়ক, ‘তথ্যচিত্রটি মূলত অনেক বছর ধরে ঘটে আসা ঘটনাগুলো নিয়ে, এমন নয় যে সেখানে আমাদের দিকে আঙুল তোলা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’ তবে অতীতের ঘটনাগুলোর দায় এড়িয়ে যাওয়ার চেয়ে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তামিম। তিনি জানান, অন্তর্বর্তীকালীন কমিটিতে থাকার সময় থেকেই প্রয়োজনীয় নীতিমালা নিয়ে কাজ শুরু করেছেন তারা। এরই ধারাবাহিকতায় নারী ক্রিকেটারদের অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নাম উল্লেখ করে বোর্ডের অনুমোদনও নেওয়া হয়েছে।

বাংলাদেশের নারী ক্রিকেটের সাম্প্রতিক সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হলেও, পর্দার আড়ালে ঘটে যাওয়া যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলো এই অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করছে। সাইফুল ইসলাম খোকনের মতো অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণ করে যে, কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরের অনিরাপদ পরিবেশের বিরুদ্ধেও আমাদের নারী ক্রিকেটারদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই কঠোর এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।